ঝিনাইদহের কালীগঞ্জে তাফসিরুল কোরআন মাহফিলে বক্তব্য দেন সংসদ সদস্য আমির হামজা।
কোরআনের মাহফিলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাধা দেওয়া ব্যক্তিদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা। তিনি বলেছেন, যারা এমন বাধা দেয়, তারা মুসলমান হলেও তাদের জন্মের ঠিক নেই।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসরের নামাজের পর মঞ্চে উঠে প্রায় এক ঘণ্টা বক্তব্য দেন আমির হামজা। বক্তব্যে তিনি বলেন, নবীজির সময়েও দ্বীনের কাজে বাধা দেওয়া হয়েছিল। এ প্রসঙ্গ টেনে মাহফিলে বাধাদানকারীদের উদ্দেশে তিনি আক্রমণাত্মক ও বিতর্কিত ভাষা ব্যবহার করেন।
নিজের সাম্প্রতিক একটি অডিও ফাঁসের প্রসঙ্গ তুলে ক্ষোভ প্রকাশ করেন আমির হামজা। তিনি দাবি করেন, ছয় বছর আগের কোনো সভাপতিকে জুতা মারার ঘটনা কিংবা অন্য কারও গল্পের অডিও তাঁর নামে প্রচার করা হচ্ছে।
তিনি প্রশ্ন তোলেন, ২০১২ সাল থেকে কোরআনের মাহফিলে বক্তব্য দিয়ে আসছেন তিনি। অথচ ২০২৬ সালে মনোনয়ন পাওয়ার পরই কেন এসব বিষয় সামনে আনা হচ্ছে? এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।
নারীদের প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে আমির হামজা দাবি করেন, আল্লাহ ও রাসুলের পর তিনি নারীদের সবচেয়ে বেশি সম্মান করেন। তবে রাস্তায় পুরুষদের সঙ্গে মিছিলে অংশ নেওয়া নারীদের নিয়ে কটাক্ষ করে আপত্তিকর মন্তব্যও করেন তিনি।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব। এ ছাড়া স্থানীয় জামায়াতের সাবেক আমির ওলিয়ার রহমান, মুহাদ্দিস শাফিউর রহমান আফসারীসহ স্থানীয় নেতারা মঞ্চে উপস্থিত ছিলেন।
এর আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসন ওই মাঠে মাহফিলের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে। একই দিন মাহফিলস্থলে ‘সচেতন কালীগঞ্জবাসী’র ব্যানারে পাল্টা মাদকবিরোধী সমাবেশের ডাক দেওয়া হলে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার রাত ১১টার দিকে কালীগঞ্জ থানায় উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় জরুরি সমঝোতা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলি, সংসদ সদস্য আবু তালিব এবং স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাদের উপস্থিতিতে সভায় বিতর্কিত ও রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে মাহফিল আয়োজনের বিষয়ে উভয় পক্ষ একমত হয়।
তবে ওই সমঝোতার পরও শুক্রবারের মাহফিলে আমির হামজার দেওয়া বক্তব্য ঘিরে নতুন করে আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com