সংগৃহীত
জামায়াতের সঙ্গে জোট গড়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিজেদের রাজনৈতিক অবস্থান ও আদর্শ থেকে সরে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তার দাবি, এই জোট স্বাধীনতা, সার্বভৌমত্ব ও দেশের মানচিত্রের প্রশ্নেও বিতর্ক তৈরি করেছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, জাতীয় নির্বাচনের আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন, ‘৭১–এর দায় রয়েছে— এমন কোনো দলের সঙ্গে তারা জোট করবে না।’ এছাড়া এনসিপির আরেক নেতা পাটোয়ারীও জামায়াতকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছিলেন।
তিনি প্রশ্ন তুলে বলেন, যাদের বিরুদ্ধে অতীতে এমন অবস্থান নেওয়া হয়েছিল, তাদের সঙ্গেই এখন জোট গঠন করা কি রাজনৈতিক অবস্থান থেকে সরে আসা নয়?
রাশেদ খানের অভিযোগ, এনসিপি ‘রাষ্ট্র সংস্কার আন্দোলন’-এর নেতাকর্মীদের সঙ্গে প্রতারণা করেছে। তিনি দাবি করেন, দলটির নেতারা শুরু থেকেই বিএনপি কিংবা জামায়াতের সঙ্গে রাজনৈতিক সমঝোতার পথ খুঁজছিলেন।
তিনি আরও বলেন, “এনসিপির নেতাদের রাজনৈতিক অভিজ্ঞতা কম হলেও অল্প সময়েই তারা নানা বিতর্কে জড়িয়েছে। বড় রাজনৈতিক দলের নেতারাও দীর্ঘ সময়ে এত বিতর্কে জড়ান না।”
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকেও ইঙ্গিত করে রাশেদ খান বলেন, সংস্কার ও বিচার কার্যক্রমের চেয়ে নতুন রাজনৈতিক শক্তি গঠনের দিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তার ভাষ্য, ভবিষ্যতে এনসিপির নেতৃত্বে ড. ইউনূসকে দেখা গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
এছাড়া আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সময়কাল নিয়েও বিচারবিভাগীয় তদন্ত হওয়া প্রয়োজন বলে মত দেন তিনি।
৪র্থ তলা, হাউজ# ২৭, রোড# ১ ব্লক# এ বনশ্রী , রামপুরা, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
©️২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com