ফেসবুক পোস্টের জেরে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ। ছবি: সংগৃহীত
সিলেটের বিশ্বনাথে ফেসবুক পোস্টে মন্তব্য করার জেরে এক ছাত্রদল নেতাকে তার বাসায় গিয়ে মারধরের অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্বনাথ পৌর শহরের টিএনটি রোড এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আবদুল মজিদ বকুল বিশ্বনাথ পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। অভিযুক্ত শামীম আহমদ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শামীম আহমদ তার ফেসবুক আইডিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিরূপ মন্তব্য করে পোস্ট দেন। ওই পোস্টের কমেন্টে পাল্টা জবাব দেন ছাত্রদল নেতা বকুল। এর জের ধরে শামীম আহমদ বকুলের বাসায় গিয়ে তাকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে।
বিশ্বনাথ পৌর ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম রেজা অভিযোগ করে বলেন, ছাত্রলীগ নেতা শামীমের ফেসবুক পোস্টে মন্তব্য করায় তিনি বকুলের বাসায় গিয়ে তাকে পিটিয়েছেন। পরে খবর পেয়ে আশপাশের নেতাকর্মীরা বকুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আহত বকুলকে প্রথমে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে বিশ্বনাথ পৌর শহরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা ও পৌর ছাত্রদল। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
পথসভা থেকে ছাত্রদল নেতারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে শামীম আহমদকে গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।
এ বিষয়ে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এ ঘটনায় থানায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com