শাহ আমানত বিমানবন্দরে জব্দ করা স্বর্ণালংকার ও স্বর্ণপিণ্ড। ছবি: সংগৃহীত
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৩১ গ্রাম স্বর্ণালংকার ও স্বর্ণপিণ্ডসহ মো. হাসান মুরাদ নামে এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দ করা স্বর্ণের শুল্ক-করসহ আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৪১ হাজার ৫৫৫ টাকা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি মধ্যপ্রাচ্য থেকে সালাম এয়ারের একটি ফ্লাইটে দেশে ফিরছিলেন।
বিমানবন্দর কাস্টমস সূত্র জানায়, ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সন্দেহভাজন যাত্রী হাসান মুরাদের ব্যাগেজ ও দেহ তল্লাশি করা হয়। এ সময় তার ব্যাগেজের ভেতরে বিশেষ কৌশলে স্কচটেপ দিয়ে মোড়ানো পেস্টসদৃশ একটি বস্তু পাওয়া যায়।
পরে স্বর্ণ কারিগরের মাধ্যমে প্রক্রিয়াকরণ করলে ওই পেস্ট থেকে ২৪ ক্যারেটের ৪২৫ গ্রাম ওজনের স্বর্ণপিণ্ড পাওয়া যায়। এ ছাড়া যাত্রীর দেহ তল্লাশির সময় প্যান্টের পকেট থেকে আরও ১০৬ গ্রাম ওজনের ৩৫টি বিভিন্ন ধরনের স্বর্ণালংকার জব্দ করা হয়।
সব মিলিয়ে জব্দ করা স্বর্ণের মোট ওজন ৫৩১ গ্রাম। এর আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৪১ হাজার ৫৫৫ টাকা বলে জানিয়েছে কাস্টমস।
এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়েরের কার্যক্রম চলছে। একই সঙ্গে স্বর্ণ চোরাচালানের সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা সংঘবদ্ধ চক্র জড়িত কি না, জব্দ করা স্বর্ণের উৎস ও গন্তব্য এবং এর নেপথ্যে কারা রয়েছে—এসব বিষয়ও তদন্ত করছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com