ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৭:৩১ এএম, ২১ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

বোদায় মাদ্রাসার জমি দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, মানববন্ধন

প্রকাশিত : ০৭:৩১ এএম, ২১ সেপ্টেম্বর ২০২৬

মাদ্রাসার জমি দখলের অভিযোগের প্রতিবাদে মানববন্ধন। ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক :

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুলতলা পানিডুবি দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি ময়জউদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা মানববন্ধন করেছেন।

মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, প্রতিষ্ঠার পর থেকে প্রায় ৪৩ বছর ধরে জমিটি তাদের দখলে রয়েছে। নিয়মিতভাবে জমির খাজনাও পরিশোধ করা হচ্ছে। তাদের ভাষ্য, ১৯৮৩ সালে ময়জউদ্দিনের বাবা মহিরউদ্দিন জমিটি মাদ্রাসার নামে দান করেন।

তবে গত শনিবার ময়জউদ্দিন সেখানে বালু ফেলতে শুরু করেন বলে অভিযোগ করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। এতে মাদ্রাসার সামনে থাকা প্রায় ১০টি দোকানের কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে জমি দখলের চেষ্টা বন্ধ এবং মাদ্রাসার সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন করেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।

মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার লাভলী বেগম বলেন, দীর্ঘদিন ধরে জমিটি মাদ্রাসার দখলে রয়েছে এবং নিয়মিত খাজনা পরিশোধ করা হচ্ছে। হঠাৎ করে সেখানে বালু ফেলে জমি দখলের চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে মাদ্রাসার সামনে প্রতিষ্ঠানটির তৈরি দোকানগুলোতে তালা লাগিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। জমি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ চান তিনি।

মাদ্রাসার সভাপতি ফরহাদ হোসেন বলেন, জমি দখলের প্রতিবাদে তারা মানববন্ধন করেছেন। মাদ্রাসার জমি উদ্ধার, বন্ধ হয়ে যাওয়া দোকানগুলো খুলে দেওয়া এবং শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।

অভিযোগের বিষয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি ময়জউদ্দিন বলেন, দলের কোনো প্রভাব খাটিয়ে জমি দখল করা হয়নি। জমিটি তাদের দাবি করে দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়ে আসছেন। গত শনিবার তারা জমিটির দখল নিয়েছেন বলে জানান তিনি।

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম জানান, মাদ্রাসার পক্ষ থেকে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে সংশ্লিষ্ট ইউনিয়নের ভূমি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর জমি নিয়ে বিরোধের প্রকৃত বিষয়টি পরিষ্কার হবে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com