ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৯:০৯ এএম, ২১ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

মানিকগঞ্জে ব্যাটারি চুরির অভিযোগে শ্বশুরকে লাথি, জামাই আটক

প্রকাশিত : ০৯:০৯ এএম, ২১ সেপ্টেম্বর ২০২৬

মানিকগঞ্জে অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে শ্বশুর নিহত, জামাই আটক।

নিউজ ডেস্ক :

মানিকগঞ্জ সদর উপজেলায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগকে কেন্দ্র করে শ্বশুর সিদ্দিক আলী (৪৮) নিহত হয়েছেন। এ ঘটনায় তার মেয়ে জামাই রাসেল (২৭)কে আটক করেছে পুলিশ।

রোববার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের সাকরাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিদ্দিক আলী ওই এলাকার বাসিন্দা ছিলেন। তিনি পেশায় অটোরিকশাচালক।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতের দিকে সিদ্দিক আলীর বাড়িতে অটোরিকশার ব্যাটারি চুরি করতে গেলে পরিবারের সদস্যদের হাতে রাসেল ধরা পড়েন বলে অভিযোগ। এ সময় ব্যাটারি চুরির বিষয়টি নিয়ে শ্বশুরের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাসেল সিদ্দিক আলীকে লাথি মারেন বলে অভিযোগ ওঠে। এতে তিনি মাটিতে পড়ে গুরুতর আহত হন।

পরে স্বজন ও স্থানীয়রা সিদ্দিক আলীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী বাবুল মিয়া বলেন, চিৎকার-চেঁচামেচির শব্দ শুনে বাইরে এসে তিনি সিদ্দিক আলী ও রাসেলকে কথা-কাটাকাটি করতে দেখেন। একপর্যায়ে রাসেল সিদ্দিক আলীকে লাথি দিলে তিনি মাটিতে পড়ে যান। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী রুনা বেগম অভিযোগ করেন, তার ছেলে চিৎকার করে জানায় অটোরিকশার ব্যাটারি চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে। পরে পরিবারের সদস্যরা গিয়ে রাসেলকে দেখতে পান। এ সময় তিনি তার স্বামীকে লাথি মারলে সিদ্দিক আলী মাটিতে পড়ে যান।

রুনা বেগমের দাবি, ঘটনার সময় রাসেলের সঙ্গে আরও দুই ব্যক্তি ছিলেন। তিনি এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, রাসেল নেশাগ্রস্ত ছিলেন এবং নেশার টাকা জোগাড় করতে মাঝেমধ্যে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে জড়াতেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, রাসেলকে আটক করা হয়েছে। স্থানীয়দের মারধরে তিনি আহত হওয়ায় পুলিশের হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com