প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা
বিএনপি একাত্তরের মুক্তিযুদ্ধের মতো জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকেও ধারণ করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, জুলাইয়ে আহত ব্যক্তিদের চিকিৎসা এবং শহীদ পরিবারের সদস্যদের বিভিন্নভাবে সহযোগিতা করছে সরকার।
সোমবার সকালে রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। একই অনুষ্ঠানে আধুনিকায়ন করা ওসমানী উদ্যানেরও উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বিরোধী দলের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে তারেক রহমান বলেন, সরকারের বিরোধিতা করা বিরোধী দলের দায়িত্ব হলেও তা গঠনমূলক হওয়া প্রয়োজন। তিনি অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে বিরোধী দল যথাযথভাবে ধারণ করছে না। আমন্ত্রণ জানানো সত্ত্বেও বিরোধীদলীয় নেতা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হননি বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, একই মঞ্চে বসতে আপত্তি থাকলে বিরোধীদলীয় নেতা শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে অন্তত বসতে পারতেন। জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেছে এবং বিরোধী দলও সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তারেক রহমান আরও বলেন, নির্বাচনে জনগণই নির্ধারণ করেছে আগামী পাঁচ বছর কারা রাষ্ট্র পরিচালনা করবে এবং কারা বিরোধী দলের দায়িত্ব পালন করবে। তাঁর মতে, অনুষ্ঠানে অনুপস্থিতির মাধ্যমে বিরোধী দল শহীদ পরিবারগুলোর প্রতিও অবজ্ঞা দেখিয়েছে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকেরা উপস্থিত ছিলেন।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com