সংবাদ সম্মেলনে ইশরাক
নিজেকে ঘিরে গণমাধ্যমে একটি নির্দিষ্ট বয়ান তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তাঁর দাবি, তাঁকে নিয়ে ঘন ঘন সংবাদ প্রকাশ এবং শিরোনাম তৈরির মাধ্যমে ঘটনাটি বিশেষভাবে উপস্থাপন করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদমাধ্যমে ঘটনার উপস্থাপন নিয়ে হতাশা প্রকাশ করে ইশরাক বলেন, তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, মাদকবিরোধী অভিযানে গিয়ে তাঁর উদ্দেশ্য চাঁদা আদায় বা জমি দখল করা ছিল না। বিভিন্ন গণমাধ্যমে ‘প্রতিমন্ত্রী’, ‘অস্ত্র’ ও ‘অভিযান’ শব্দ ব্যবহার করে সংবাদ শিরোনাম এবং ফটোকার্ড তৈরির বিষয়েও আপত্তি জানান তিনি।
ইশরাকের ভাষ্য অনুযায়ী, মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ার ঘটনাকে কেন্দ্র করেই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ পরিস্থিতির কারণে তাঁকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিতে হচ্ছে বলে জানান তিনি। তাঁর দাবি, দল পদত্যাগ চায়নি; বরং দলের ইচ্ছার বিপরীতে তাঁকে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে।
প্রতিমন্ত্রীর পদ ছাড়ার পরও মাদকের বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইশরাক। তিনি বলেন, সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বিএনপির একজন কর্মী হিসেবে আরও বেশি উদ্যম নিয়ে মাদকবিরোধী কাজে যুক্ত থাকবেন। পাশাপাশি পরিচ্ছন্নতা কর্মসূচি জোরদার এবং প্রজন্ম দলের সাংগঠনিক কার্যক্রম বাড়াতে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথাও জানান তিনি।
এর আগে সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানান ইশরাক। পোস্টে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়ার কথাও উল্লেখ করেন।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com