শেখ হাসিনার দেশে ফেরা ও ভারত থেকে প্রত্যর্পণ নিয়ে আলোচনা
ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তিনি পাসপোর্টের জন্য আবেদন করলেও বাংলাদেশ সরকার তা দেওয়ার সম্ভাবনা নাকচ করেছে। ঢাকার পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে ফিরতে হলে তাঁকে প্রত্যর্পণ প্রক্রিয়ার মধ্য দিয়েই আসতে হবে। তবে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অবস্থানের সঙ্গে ভারতের একমত হওয়ার সম্ভাবনা কম। দেশটির কয়েকটি সূত্রের দাবি, তাঁকে প্রত্যর্পণ করা কার্যত অসম্ভব হতে পারে।
শেখ হাসিনার নিরাপত্তা, তাঁর বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় এবং দুই দেশের রাজনৈতিক সম্পর্ক—সবকিছুই প্রত্যাবর্তনের পথে বড় বাধা হয়ে উঠতে পারে বলে মনে করছে এনডিটিভির সূত্রগুলো।
প্রত্যর্পণে ভারতের আপত্তি কোথায়
এনডিটিভিকে সূত্রগুলো জানিয়েছে, প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনা ভারতে এসেছিলেন। ক্ষমতায় থাকতেই তাঁকে ভারতে নেওয়ার অনুরোধ করা হয়েছিল। পরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি উড়োজাহাজে করে তাঁকে ভারতে নেওয়া হয়। উড়োজাহাজটি চালিয়েছিলেন বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্যরা। পরে তাঁকে নয়াদিল্লির কাছের হিন্দন বিমানঘাঁটিতে নামানো হয়।
ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি থাকলেও শেখ হাসিনার বিরুদ্ধে চলমান বিচারপ্রক্রিয়া ও মৃত্যুদণ্ডের বিষয়টি চুক্তির শর্তের সঙ্গে সাংঘর্ষিক কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
নিরাপত্তা নিয়েও উদ্বেগ
এনডিটিভির সূত্রগুলোর দাবি, বাংলাদেশের কিছু গোষ্ঠীর কাছ থেকে শেখ হাসিনার জীবনের জন্য হুমকি রয়েছে। আগের প্রশাসনের সময় এসব গোষ্ঠী আরও প্রভাবশালী হয়ে উঠেছিল বলেও অভিযোগ করা হয়েছে। ফলে তাঁকে প্রত্যর্পণের বিষয়ে যেকোনো আলোচনায় তাঁর নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পাবে।
প্রতিবেদনে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের প্রসঙ্গও তুলে ধরা হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যা করা হয়। সে সময় দেশের বাইরে থাকায় বেঁচে যান শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা। ১৯৮১ সালে চট্টগ্রামে একদল বিদ্রোহী সেনাসদস্যের হাতে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতীত এবং ২০২৪ সালে শেখ হাসিনার দেশত্যাগের পরিস্থিতি বিবেচনায় আপাতত তাঁর প্রত্যর্পণ কঠিন বলে মনে করছে ভারতীয় সূত্রগুলো।
পাসপোর্ট বা ট্রাভেল পাসে কি ফিরতে পারবেন
প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য দুটি পথ হতে পারে পাসপোর্ট ও ট্রাভেল পাস।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা। ভারতে অবস্থান নেওয়ার পর দেশে ফেরার উদ্দেশ্যে এটিই তাঁর প্রথম যোগাযোগ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার সঙ্গে এ আবেদনকে সংশ্লিষ্ট বলে মনে করা হচ্ছে।
তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেওয়া হবে না। পাসপোর্ট চাওয়ার বিষয়টিকে তিনি ‘স্টান্টবাজি’ বলেও মন্তব্য করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বাংলাদেশ সন্ত্রাসীদের পাসপোর্ট দেয় না। আমরা তাদের হস্তান্তরের দাবি জানিয়েছি।’
প্রত্যর্পণ চুক্তির শর্ত কী
বাংলাদেশ ও ভারতের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, কোনো ব্যক্তিকে প্রত্যর্পণের ক্ষেত্রে সংশ্লিষ্ট অপরাধটি দুই দেশের আইনেই অপরাধ হিসেবে গণ্য হতে হবে। একে বলা হয় ‘দ্বৈত অপরাধ’ বা ডুয়াল ক্রিমিনালিটি। অপরাধের নাম বা আইনি সংজ্ঞা দুই দেশে আলাদা হলেও চলবে। তবে সংশ্লিষ্ট অপরাধের জন্য উভয় দেশের আইনেই কমপক্ষে এক বছরের কারাদণ্ডের বিধান থাকতে হবে।
শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের নতুন ফৌজদারি আইন ভারতীয় ন্যায় সংহিতায় (বিএনএস) মানবতাবিরোধী অপরাধের বিষয়টি স্পষ্টভাবে সংজ্ঞায়িত নয়। ২০২৪ সালের ১ জুলাই থেকে কার্যকর হওয়া এই আইন ঔপনিবেশিক আমলের ১৮৬০ সালের ভারতীয় দণ্ডবিধির পরিবর্তে চালু হয়।
চুক্তিতে রাজনৈতিক চরিত্রের অপরাধের ক্ষেত্রে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের সুযোগ রয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগ থাকায় তাঁর মামলাটি রাজনৈতিক অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে হত্যা, নরহত্যা, হামলা, সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট কর্মকাণ্ড ও বিস্ফোরক ব্যবহারের মতো গুরুতর সহিংস অপরাধ রাজনৈতিক অপরাধের ব্যতিক্রমের আওতায় পড়ে না।
এ ছাড়া কোনো মামলার বিচারপ্রক্রিয়া সদিচ্ছার সঙ্গে পরিচালিত হচ্ছে না, মামলাটি তুচ্ছ কিংবা ন্যায়বিচারের স্বার্থের পরিপন্থি—এমনটি প্রমাণিত হলে প্রত্যর্পণের আবেদন প্রত্যাখ্যান করা যেতে পারে।
তারেক রহমানের ট্রাভেল পাসের নজির
ট্রাভেল পাস ব্যবহার করে দেশে ফেরার একটি নজির রয়েছে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের। লন্ডনে অবস্থানকালে তাঁর বাংলাদেশি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়। পরে তিনি পাসপোর্ট নবায়ন না করে দেশে ফেরার জন্য লন্ডনে বাংলাদেশের হাইকমিশনে ট্রাভেল পাসের আবেদন করেন।
২০২৫ সালের ডিসেম্বরে দেশে ফেরার এক সপ্তাহেরও কম সময় আগে তিনি ট্রাভেল পাস পান। এর আগে তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলো প্রত্যাহার করা হয়েছিল।
তবে শেখ হাসিনার পরিস্থিতি আলাদা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন এবং তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে। ফলে তারেক রহমানের ক্ষেত্রে যে পরিস্থিতিতে ট্রাভেল পাস দেওয়া হয়েছিল, শেখ হাসিনার ক্ষেত্রে তা সরাসরি প্রযোজ্য হবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
শেখ হাসিনার প্রত্যাবর্তনে রাজনৈতিক প্রভাব
শেখ হাসিনার ভারতে অবস্থান বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। বাংলাদেশের বর্তমান সরকার তাঁর প্রত্যর্পণের মাধ্যমে দেশে ফেরার দাবি জানিয়ে আসছে। তবে এনডিটিভির সূত্রগুলোর দাবি, পর্দার আড়ালে এমন একটি সমাধানের পথ খোঁজা হচ্ছে, যাতে নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরি না করে তাঁর প্রত্যাবর্তনের বিষয়টি সামাল দেওয়া যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারত চায় না শেখ হাসিনার বিষয়টি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে জিম্মি করে ফেলুক। অন্যদিকে, বাংলাদেশের বর্তমান সরকারও শেখ হাসিনার প্রতি নমনীয় হিসেবে পরিচিত হতে চায় না। একই সঙ্গে অতীতের মতো রাজনৈতিক নেতৃত্বকে হত্যা করে সরিয়ে দেওয়ার ঘটনার পুনরাবৃত্তির দায়ও নিতে চায় না বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
সব মিলিয়ে শেখ হাসিনার দেশে ফেরার পথ এখনো অনিশ্চিত। প্রত্যর্পণ, পাসপোর্ট কিংবা ট্রাভেল পাস—কোনো পথেই তাঁর প্রত্যাবর্তন নিশ্চিত নয়। এ ক্ষেত্রে দুই দেশের কূটনৈতিক অবস্থান, আইনি ব্যাখ্যা ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com