সৌদির আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হওয়া হাফেজ নূর উদ্দিন জাকারিয়া
সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ নূর উদ্দিন জাকারিয়া।
বুধবার (১৯ আগস্ট) সৌদি আরবে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। বিশ্বের ১৩৩টি দেশের কয়েকশ প্রতিযোগীকে পেছনে ফেলে প্রতিযোগিতার চতুর্থ শাখায় প্রথম স্থান অর্জন করেন তিনি।
হাফেজ নূর উদ্দিন জাকারিয়ার বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠী গ্রামে। তিনি ওই গ্রামের মাওলানা নুরুল আমিন ও ইয়ানুর বেগম দম্পতির ছেলে।
জানা গেছে, মাত্র ছয় বছর বয়সে মামা হাফেজ ক্বারী মোহাম্মদ রহমত উল্লাহর সঙ্গে ঢাকায় যান জাকারিয়া। পরে রাজধানীর একটি মাদ্রাসার হেফজ বিভাগে ভর্তি হয়ে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেন।
এরপর তিনি ডেমরার আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ভর্তি হন। সেখানে পড়াশোনার পাশাপাশি কোরআন তিলাওয়াত ও হিফজের চর্চা চালিয়ে যান। এ সময়ই সৌদি আরবে আয়োজিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পান তিনি।
আন্তর্জাতিক পর্যায়ের এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে অংশ নিয়ে শেষ পর্যন্ত সাফল্যের শীর্ষে ওঠেন বাংলাদেশের এই তরুণ হাফেজ।
হাফেজ নূর উদ্দিন জাকারিয়ার এই অর্জনের খবর ছড়িয়ে পড়ার পর তার পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। বিশ্বমঞ্চে এমন সাফল্যে গর্বিত তার এলাকার মানুষ।
পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও হাফেজ নূর উদ্দিন জাকারিয়াকে অভিনন্দন জানানো হয়েছে।
স্থানীয়রা বলছেন, আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় নূর উদ্দিন জাকারিয়ার প্রথম স্থান অর্জন শুধু বাউফলের জন্য নয়, বাংলাদেশের জন্যও গর্বের বিষয়। তার এই সাফল্য দেশের তরুণদের কোরআন শিক্ষা ও ধর্মীয় জ্ঞানচর্চায় উৎসাহিত করবে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com