জিয়া স্মৃতি বই মেলার আলোচনা সভায় বক্তব্য দেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁর নেতৃত্বের মাধ্যমে নতুন ও আধুনিক বাংলাদেশের স্বপ্ন মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
তিনি বলেন, জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের কারিগর।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমি প্রাঙ্গণে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘জিয়া স্মৃতি বই মেলা-২০২৬’-এর ষষ্ঠ দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জিয়া স্মৃতি পাঠাগার ও জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা এ অনুষ্ঠানের আয়োজন করে।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বিএনপি আজ যে অবস্থানে এসেছে, এর পেছনে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে দলের আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের বড় অংশের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অবদানও রয়েছে।
তিনি বলেন, এই ক্যাম্পাসেই জিয়াউর রহমান ছাত্রদলের কার্যক্রম শুরু করেছিলেন। দেশের ভবিষ্যৎ ও তরুণ প্রজন্ম নিয়ে তাঁর চিন্তা-ভাবনার প্রতিফলন ছিল ছাত্রদল গঠনের উদ্যোগে।
মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে পানিসম্পদ মন্ত্রী বলেন, স্বাধীনতার সময় জিয়াউর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং অস্ত্র হাতে যুদ্ধে অংশ নিয়েছিলেন। এ্যানির ভাষায়, তিনি ছিলেন মুক্তিযুদ্ধের একজন নেতা ও মুক্তিযোদ্ধাদের নেতা।
স্বাধীনতার পরের সময়ের রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত দুর্নীতি ও দুঃশাসনের কারণে দেশের মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছিল। পরবর্তী সময়ে জিয়াউর রহমানের নেতৃত্বে ‘বিপ্লব ও সংহতি’র মাধ্যমে মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে বলে দাবি করেন তিনি।
নিজেদের রাজনৈতিক আচরণ প্রসঙ্গে এ্যানি বলেন, ছাত্রদলের রাজনীতি করার সময় এবং বর্তমানে বিএনপির নেতৃত্বে থাকার সময়ে তারা রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ে অশালীন ভাষা বা গালিগালাজের চর্চা দেখেননি। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়েই তারা রাজনীতিতে এসেছেন বলে মন্তব্য করেন তিনি।
জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শিক্ষার্থীদের সঙ্গে কাজ করার সময়ও তারা এমন অশালীন ভাষার ব্যবহার দেখেননি। তবে ৫ আগস্টের পর পাটওয়ারী-সিফাতদের পক্ষ থেকে তারেক রহমান ও জিয়া পরিবারকে লক্ষ্য করে শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
বিরোধী রাজনৈতিক শক্তির সমালোচনা করে এ্যানি বলেন, অতীতে যারা ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত হয়ে স্বৈরাচারকে সহযোগিতা করেছে, তারাই এখন এমন আচরণ করার সাহস দেখাচ্ছে।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক সুকোমল বড়ুয়া। জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আ ন ম সাইফুল ইসলামের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com