বিইআরসির নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার।
কৃত্রিম সংকটের অভিযোগের মধ্যে বাজারে অস্বাভাবিকভাবে বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দামের চেয়ে ১২ কেজির সিলিন্ডারে কোথাও ৮০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত বেশি দিতে হচ্ছে বলে অভিযোগ করেছেন ভোক্তারা। কোথাও আবার বেশি দামেও এলপিজি মিলছে না বলে দাবি তাদের।
সেপ্টেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। তবে রাজধানীর বিভিন্ন এলাকায় অধিকাংশ দোকানে তা প্রায় ২ হাজার টাকায় বিক্রি হচ্ছিল। গত কয়েক দিনে কোনো কোনো এলাকায় দাম আরও বেড়ে ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় উঠেছে বলে জানা গেছে।
ভোক্তাদের অভিযোগ, সরবরাহ সংকটের কথা বলে খুচরা পর্যায়ে অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে। এতে গৃহস্থালি ব্যবহারকারীদের পাশাপাশি ছোট ব্যবসায়ীরাও বাড়তি খরচের চাপে পড়েছেন। তাদের দাবি, একটি সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে।
তবে খুচরা বিক্রেতাদের দাবি, তারা নিজেরাই বেশি দামে এলপিজি কিনতে বাধ্য হচ্ছেন। পরিবেশক ও ডিলারদের কাছ থেকে বেশি দামে পণ্য কেনার কারণে বিইআরসির নির্ধারিত দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না বলে জানান তারা।
এদিকে সচিবালয়ে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, দেশে এলপিজির সরবরাহে কোনো ঘাটতি নেই। কৃত্রিম সংকট তৈরি করে কেউ বেশি দামে এলপিজি বিক্রি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
দেশের বাজারে ব্যবহৃত এলপিজির প্রায় ৯৮ শতাংশই বেসরকারি প্রতিষ্ঠানগুলো আমদানি করে থাকে। এর মধ্যে প্রায় ৮০ শতাংশ এলপিজি বাসাবাড়িতে ব্যবহৃত হয়।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com