ঢাকা, ০২ অক্টোবর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৮:৩৭ এএম, ০১ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

নিউগিনি প্রোপার্টিজে হামলা-লুটপাটের মামলায় তিনজন রিমান্ডে

প্রকাশিত : ০৮:৩৭ এএম, ০১ অক্টোবর ২০২৬

নিউগিনি প্রোপার্টিজে হামলা-লুটপাটের মামলায় তিনজনকে রিমান্ডে নিয়েছে পুলিশ।

নিউজ ডেস্ক :

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর, মারধর ও লুটপাটের মামলায় কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুরের জামাতা মো. মিজানুর রহমানসহ তিনজনকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

রিমান্ডে নেওয়া অপর দুজন হলেন শাহরিয়ার মাহমুদ (৬০) ও মো. শাহ আলম ওরফে অনিক (৪৭)।

এর আগে মিজানুর রহমানকে গ্রেপ্তারের পর গত ২৯ সেপ্টেম্বর কারাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার তিন আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ আল আমিন।

রিমান্ড আবেদনে পুলিশ দাবি করে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পলাতক আসামিদের গ্রেপ্তার, অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত, অবৈধ অস্ত্র ও চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং ঘটনার মূল রহস্য উদ্‌ঘাটনে তাদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করলেও আসামিপক্ষ রিমান্ড বাতিলের পাশাপাশি জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৬ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানার দক্ষিণ মানিকদীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ লিমিটেডের প্রকল্পে প্রায় ৫০ জনের একটি দল বেআইনিভাবে প্রবেশ করে। এ সময় তারা গুলি ছোড়ে এবং রামদা, ছোরা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে সাইট ইঞ্জিনিয়ার মো. পারভেজসহ কয়েকজন আহত হন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা প্রকল্প এলাকা থেকে নগদ টাকা, ল্যাপটপ, কম্পিউটার, বিআরবি ক্যাবল, ক্যামেরা ও পেশাদার মিডিয়া সরঞ্জামসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। এতে প্রতিষ্ঠানের প্রায় ১ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি এবং ১ কোটি ৫০ লাখ ৪৩ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে মামলায় দাবি করা হয়েছে।

হামলার সময় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিস’ নামের স্টুডিওতেও অনধিকার প্রবেশ, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করা হয়েছে।

মামলায় আরও বলা হয়েছে, পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আত্মরক্ষার্থে পুলিশ পাঁচ রাউন্ড শটগানের গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী অভিযানে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও গুলির খোসা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় প্রকল্পের কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com