ওমরাহ শেষে দেশে ফেরা যাত্রীদের জমজমের পানি দিতে দেরি হওয়ায় বিমানের দুই কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পবিত্র ওমরাহ শেষে দেশে ফেরা যাত্রীদের জমজমের পানি দিতে দেরি হওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকালে মদিনা থেকে আসা বিমানের একটি ফ্লাইটের যাত্রীদের জমজমের পানি সময়মতো সরবরাহ করা না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ৯টা ১০ মিনিটে মদিনা থেকে বিমানের বিজি-৩৩৮ ফ্লাইট দেশে পৌঁছায়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, বিমান থেকে মালপত্র নামানোর সময় কর্মীদের অবহেলার কারণে ব্যাগেজ বেল্টে সময়মতো জমজমের পানি পৌঁছায়নি। এতে ওমরাহ পালন শেষে দেশে ফেরা যাত্রীরা কিছুটা ভোগান্তিতে পড়েন।
কাজে অবহেলার অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের নির্দেশে সংশ্লিষ্ট দুই কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বিমান কর্তৃপক্ষ।
অভিযুক্ত দুই কর্মী হলেন ব্যাগেজ ইনচার্জ মনিরুল ইসলাম প্রধান ও ফ্লাইট সুপারভাইজার সাদ্দাম হোসেন।
বিমান কর্তৃপক্ষ জানায়, জমজমের পানি সরবরাহে দেরির বিষয়টি জানার পর যাত্রীদের ভোগান্তি কমাতে বিমানের নিজস্ব সংগ্রহ থেকে দ্রুত পানি সরবরাহ করা হয়। পরে মূল পানির বাক্সটি খুঁজে বের করে যাত্রীদের মধ্যে বিতরণ করা হয়।
ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com