ফুলগাজীতে নানাবাড়ির এলাকার মানুষের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মা না থাকায় এখন নানাবাড়ির এলাকার মানুষকেই তাকে দেখে রাখার দায়িত্ব নিতে হবে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ফেনীর ফুলগাজীতে স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময়কালে আবেগঘন বক্তব্যে এ কথা বলেন তিনি।
ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং বিভিন্ন ধর্মীয় ব্যক্তির সম্মানী ভাতা বিতরণ অনুষ্ঠানের পর স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, ‘বহু বছর পর আমি এখানে এসেছি, আজ বেশি বক্তব্য রাখব না। নানার বাড়ির পরিবারের মানুষের সঙ্গে, নিজের পরিবারের মানুষের সঙ্গে, আপন মানুষের সঙ্গে মনের দুটো কথা তুলে ধরব।’
এরপর তিনি বলেন, ‘মা তো নেই, এখন আপনাদেরই উচিত আমাকে দেখে রাখা। আমাকে দেখে রাখার দায়িত্ব কার, আপনাদের না? আপনারা কি আমাকে দেখে রাখবেন?’ তার বক্তব্যের পর উপস্থিত লোকজন সম্মতিসূচক সাড়া দেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। পাশাপাশি দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন এবং বিরোধী পক্ষের কর্মকাণ্ডের সমালোচনা করেন।
ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাসংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ১৫০ করার প্রতিশ্রুতিও দেন তিনি।
এর আগে বিকেলে সুবিধাভোগীদের মধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ করেন প্রধানমন্ত্রী। একই অনুষ্ঠানে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, সেবায়েত ও পুরোহিতদের সম্মানী ভাতা দেওয়ার কার্যক্রমও উদ্বোধন করা হয়।
ফেনী জেলায় কৃষক কার্ডের আওতায় ৫ হাজার ৬৪৩ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত কৃষকদের মধ্য থেকে ১০ জনের হাতে সরাসরি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী।
দিনব্যাপী ফেনী সফরে প্রধানমন্ত্রী পরশুরামে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেন। ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।
এ ছাড়া ফুলগাজীতে রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি। দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে ফেনী ছাড়েন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ফেনীতে এটি ছিল তারেক রহমানের প্রথম সফর।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com