বাসে নারী যাত্রীদের হাতে বিনামূল্যে টিকিট তুলে দিচ্ছেন থালাপতি বিজয়।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয় নারীদের বিনামূল্যে বাসে যাতায়াতের সুবিধা সম্প্রসারণের ‘ভেট্রি পায়ানাম’ প্রকল্পের উদ্বোধন করেছেন। উদ্বোধনী কার্যক্রমের অংশ হিসেবে তিনি কিছু সময়ের জন্য বাস কন্ডাক্টরের ভূমিকায় থেকে নারী যাত্রীদের হাতে বিনামূল্যে টিকিট তুলে দেন।
দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গান্ধী জয়ন্তীতে ‘ভেট্রি পায়ানাম’ প্রকল্পের সম্প্রসারিত সংস্করণ চালু হয়। এ সময় চেন্নাইয়ের একটি সরকারি বাসে যাত্রীদের সঙ্গে কথা বলতে ও টিকিট বিতরণ করতে দেখা যায় বিজয়কে।
বাসে থাকা কলেজ শিক্ষার্থীরাও তার সঙ্গে কথা বলেন এবং তাকে চকলেট উপহার দেন। পুরো মুহূর্তটি যাত্রীরা মোবাইল ফোনে ধারণ করেন।
এর আগে তামিলনাড়ুতে নারীরা মূলত মেট্রোপলিটন ও শহরাঞ্চলের সাধারণ বাস এবং পাহাড়ি পথে ৪০ কিলোমিটার পর্যন্ত চলাচলকারী সাধারণ বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা পেতেন।
সম্প্রসারিত ‘ভেট্রি পায়ানাম’ প্রকল্পের আওতায় এখন মেট্রোপলিটন ও শহরাঞ্চলের এক্সপ্রেস, লিমিটেড স্টপ ও ডিলাক্স বাসেও নারীদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি ৪০ কিলোমিটারের বেশি দূরত্বের মফস্বল এলাকার সাধারণ বাস এবং পাহাড়ি পথের সাধারণ বাসও এ সুবিধার আওতায় আনা হয়েছে।
তামিলনাড়ু সরকারের তথ্য অনুযায়ী, রাজ্যের সাতটি পরিবহন সংস্থার মোট ১২ হাজার ৬৯২টি বাসকে সম্প্রসারিত প্রকল্পের আওতায় আনা হয়েছে। এতে প্রতিদিন প্রায় ৮৪ লাখ ৩০ হাজার নারী উপকৃত হবেন বলে সরকারের হিসাব।
দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, সাতটি রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ১৮ হাজার ৪১৩টি নির্ধারিত বাসের মধ্যে প্রায় ৬৯ শতাংশ ‘ভেট্রি পায়ানাম’ প্রকল্পের আওতায় রয়েছে। নির্ধারিত মোট ১ লাখ ৯৪ হাজার ৬৪৯টি সিঙ্গেল ট্রিপের মধ্যে ১ লাখ ৬৫ হাজার ৩১২টি ট্রিপ এই প্রকল্পের আওতাভুক্ত বাসের মাধ্যমে পরিচালিত হবে।
তামিলনাড়ুর পরিবহনমন্ত্রী এ. বিজয় তামিলান পার্থিবান বলেন, গণপরিবহন ব্যবস্থার সুযোগ আরও বাড়ানোই এ সম্প্রসারণের লক্ষ্য। বিশেষ করে বাড়ি থেকে দূরে কলেজে যাতায়াতকারী শিক্ষার্থী এবং কর্মস্থল, হাসপাতাল ও অন্যান্য প্রয়োজনীয় কাজে যাতায়াতকারী নারীদের জন্য সুবিধাটি গুরুত্বপূর্ণ হবে।
বিনামূল্যে যাতায়াতের হিসাব সংরক্ষণের জন্য বাসের ইলেকট্রনিক টিকিটিং মেশিনও প্রকল্পটির সঙ্গে যুক্ত করা হয়েছে। নির্দিষ্ট কিছু পরিষেবায় ট্রান্সজেন্ডার ব্যক্তিদের জন্যও বিনামূল্যে ভ্রমণের সুবিধা প্রযোজ্য হবে।
গত ২৪ আগস্ট তামিলনাড়ু বিধানসভায় বিজয় এই প্রকল্প সম্প্রসারণের ঘোষণা দিয়েছিলেন। বিদ্যমান বিনামূল্যে বাস পরিষেবার ওপর ভিত্তি করেই সম্প্রসারিত কর্মসূচিটি চালু করা হয়েছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com