ঢাকা, ০৩ অক্টোবর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০১:১৯ এএম, ০২ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

স্বামী খুঁজতে ‘হাসব্যান্ড অ্যাপ্লিকেশন’, এক মাসেই ২৪১ আবেদন

প্রকাশিত : ০১:১৯ এএম, ০২ অক্টোবর ২০২৬

স্বামী খুঁজতে ‘হাসব্যান্ড অ্যাপ্লিকেশন’ তৈরি করেছেন এরিন প্যাটারসন।

আন্তর্জাতিক ডেস্ক :

জীবনসঙ্গী খুঁজতে অনেকেই পরিচিতজনের সহায়তা বা ডেটিং অ্যাপের ওপর নির্ভর করেন। তবে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার শার্লট শহরের ৩৬ বছর বয়সী এরিন প্যাটারসন বেছে নিয়েছেন একটু ভিন্ন পথ। নিজের পছন্দের জীবনসঙ্গী খুঁজতে তিনি তৈরি করেছেন ‘হাসব্যান্ড অ্যাপ্লিকেশন’ বা স্বামীর আবেদনপত্র।

আগস্টের শেষ দিকে তিন পৃষ্ঠার একটি গুগল ফর্ম নিজের ইনস্টাগ্রাম বায়োতে পিন করেন এরিন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়তেই তার কাছে আসতে থাকে একের পর এক আবেদন ও বার্তা। এক মাসের আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার আগেই তিনি ২৪১টি আবেদন এবং প্রায় এক থেকে দেড় হাজার সরাসরি বার্তা (ডিএম) পেয়েছেন।

‘সো... ইউ আর ইন্টারেস্টেড?’ শিরোনামের ওই ফর্মে এরিন নিজের সম্পর্কে লিখেছেন, তিনি মানুষের সঙ্গে মিশতে ভালোবাসেন। নিজেকে আশাবাদী, প্রাণবন্ত, সদয় ও খাঁটি স্বভাবের মানুষ হিসেবে বর্ণনা করেছেন তিনি। সম্প্রতি মাস্টার্স শেষ করা এরিন নতুন কিছু শেখা ও নিজেকে বিকশিত করতে ভালোবাসেন বলেও জানিয়েছেন।

জীবনসঙ্গীর ক্ষেত্রেও কিছু নির্দিষ্ট পছন্দের কথা উল্লেখ করেছেন তিনি। তার পছন্দের পাত্রের বয়স ২৮ থেকে ৪৭ বছরের মধ্যে হতে হবে, খ্রিষ্টান ও অবিবাহিত হতে হবে এবং স্বামী ও বাবা হওয়ার ইচ্ছা থাকতে হবে। ব্যাচেলর ডিগ্রি এবং অন্তত ৫ ফুট ১০ ইঞ্চি উচ্চতাকে অগ্রাধিকার দিয়েছেন তিনি।

এরিন নিজেও লম্বা। খালি পায়ে তার উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি এবং হাই হিল পরলে তা প্রায় ৬ ফুট হয়।

আবেদনপত্রে নিজের প্রত্যাশা তুলে ধরে এরিন লিখেছেন, তিনি এমন একজন সুদর্শন, বুদ্ধিমান, দয়ালু, বিশ্বস্ত ও উদার মানুষের সঙ্গে পরিচিত হতে চান, যিনি কফি বা ডিনারে দেখা করা, ভালো সময় কাটানো এবং সম্পর্কটি কোন দিকে এগোয় তা দেখার বিষয়ে আগ্রহী।

পেশাগত জীবনে এরিন ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলিনা শার্লটের স্টুডেন্ট ইউনিয়নের সিনিয়র অ্যাসোসিয়েট ডিরেক্টর। ২০১৯ সালে তার একটি বাগদান ভেঙে যায়। এরপর মহামারির পর নতুনভাবে জীবন শুরু করতে শার্লটে চলে আসেন তিনি। গত প্রায় তিন বছর ধরে তিনি পুরোপুরি সিঙ্গেল।

তবে জীবনসঙ্গী খোঁজার ক্ষেত্রে তার সবচেয়ে বড় অনুপ্রেরণা বাবা-মায়ের দীর্ঘ দাম্পত্য জীবন। তার বাবা-মা ৪৪ বছর ধরে সংসার করছেন।

নিউইয়র্ক পোস্টকে এরিন বলেন, তার ডেটিংয়ের বড় একটি অংশ হয়েছে ডেটিং অ্যাপের মাধ্যমে। পাশাপাশি সরাসরি মানুষের সঙ্গে পরিচিত হওয়া এবং পরিচিতজনের মাধ্যমে আসা সম্বন্ধও তিনি খোলা মনে বিবেচনা করেছেন।

এরিন বলেন, তিনি জীবনসঙ্গী খোঁজার প্রচলিত প্রায় সব পথই চেষ্টা করেছেন। সেখান থেকেই ‘হাসব্যান্ড অ্যাপ্লিকেশন’-এর ধারণাটি আসে।

তার এই উদ্যোগকে কেউ কেউ মরিয়া হয়ে স্বামী খোঁজার চেষ্টা হিসেবে দেখলেও এরিন তা মনে করেন না। তার মতে, কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকলেই সেটিকে মরিয়া হওয়া বলা যায় না। তিনি কী চান, সে বিষয়ে তিনি শুধু স্পষ্ট ও মনোযোগী।

এরিন আশা করছেন, আবেদনগুলো যাচাই-বাছাই এবং সাক্ষাৎকারের পর হয়তো এই ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে তিনি কাঙ্ক্ষিত জীবনসঙ্গীর সন্ধান পাবেন।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com