তথ্য পাচারের অভিযোগে গ্রেপ্তার ভারতীয় নৌবাহিনীর নাবিক প্রদীপ মুখার্জি।
পাকিস্তানি এক নারী এজেন্টের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগের মাধ্যমে গুরুত্বপূর্ণ সামুদ্রিক তথ্য পাচারের অভিযোগে ভারতীয় নৌবাহিনীর ৩১ বছর বয়সী এক নাবিককে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) ভারতের কোয়েম্বাটোর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সরকারি সূত্রের বরাতে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
গ্রেপ্তার নাবিকের নাম প্রদীপ মুখার্জি। কোয়েম্বাটোরে ভারতীয় নৌবাহিনীর নেতৃত্ব প্রশিক্ষণকেন্দ্র আইএনএস অগ্রনিতে একটি ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট কোর্সে অংশ নিচ্ছিলেন তিনি। প্রায় এক সপ্তাহ ধরে ওই প্রশিক্ষণকেন্দ্রে অবস্থানের পর অন্ধ্রপ্রদেশ পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স (সিআই) সেলের সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।
পশ্চিমবঙ্গের বাসিন্দা প্রদীপ ২০১৪ সালে ভারতীয় নৌবাহিনীতে যোগ দেন। পরে তিনি বিশাখাপত্তনমে ইস্টার্ন নেভাল কমান্ডে কর্মরত ছিলেন।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, কয়েক মাস আগে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট এক নারী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রদীপের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তী সময়ে তাদের মধ্যে অনলাইন যোগাযোগ ও সম্পর্ক গড়ে ওঠে।
অভিযোগ রয়েছে, ওই যোগাযোগের সুযোগ নিয়ে নারী এজেন্টটি কৌশলগত নৌসম্পদ, নৌবহরের চলাচল এবং বিশাখাপত্তনম নৌঘাঁটির কার্যক্রমের কাঠামোসংক্রান্ত সংবেদনশীল তথ্য সংগ্রহ করেন।
সীমান্তপারের গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদসংক্রান্ত হুমকি মোকাবিলায় কাজ করা সিআই সেল প্রদীপের সন্দেহজনক ডিজিটাল কার্যক্রম শনাক্ত করার পর তদন্ত শুরু করে। একপর্যায়ে তাকে নজরদারিতে রাখা হয় এবং পরে কোয়েম্বাটোর থেকে গ্রেপ্তার করা হয়।
তদন্তকারীরা ওই অনলাইন যোগাযোগের মাধ্যমে কী ধরনের তথ্য আদান-প্রদান হয়েছে এবং এর পরিমাণ ও পরিধি কতটা ছিল, তা খতিয়ে দেখছেন।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com