ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব।
ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর অগ্রগতি ঠেকাতে এবং লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে ইয়েমেনে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ অভিযান শুরু হতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য অভিযানে এক লাখের বেশি ইয়েমেনি স্থলসেনা অংশ নেবে এবং তাদের সৌদি আরবের বিমান হামলা সহায়তা দেবে। রিয়াদ বর্তমানে দুটি বিকল্প বিবেচনা করছে—বাব আল-মান্দেব ঘিরে সীমিত পরিসরের অভিযান অথবা আল-বায়দা, মারিব, তাইজ ও আল-জাওফসহ একাধিক ফ্রন্টে একযোগে বড় ধরনের সামরিক অভিযান।
রয়টার্স জানায়, হুতিরা বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নেওয়ার পর গুরুত্বপূর্ণ এই নৌপথের নিরাপত্তা নিয়ে সৌদি আরবের উদ্বেগ বেড়েছে। একই সময়ে হরমুজ প্রণালির পরিস্থিতির কারণে লোহিত সাগরের এই নৌপথের কৌশলগত গুরুত্বও আরও বেড়েছে।
সম্ভাব্য অভিযানে সৌদি আরবের মিত্ররা সরাসরি যুদ্ধে অংশ না নিলেও প্রতিরক্ষা ও গোয়েন্দা সহায়তা দিচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। যুক্তরাষ্ট্র সৌদি বিমান অভিযানে গোয়েন্দা তথ্য ও পরামর্শ দিয়ে সহযোগিতা করছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের সরাসরি বিমান হামলার অনুরোধ প্রত্যাখ্যান করেছেন বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পাকিস্তান ও তুরস্কও সৌদি আরবকে সামরিক সরঞ্জাম ও প্রতিরক্ষা সহায়তা দিচ্ছে। পাকিস্তান সামরিক সরঞ্জাম ও উপদেষ্টা পাঠিয়েছে। সৌদি আরবের সীমান্ত ও গুরুত্বপূর্ণ স্থাপনা হুতিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষায় দেশটির প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো হচ্ছে।
এদিকে ফ্রান্সও সৌদি আরবকে প্রতিরক্ষামূলক সহায়তা দেওয়ার পরিকল্পনা জানিয়েছে। এর আগে রিয়াদে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে নিরাপত্তা সহযোগিতা নিয়ে জরুরি বৈঠকের উদ্যোগের কথাও জানানো হয়েছে।
তবে সম্ভাব্য স্থল অভিযানের সাফল্য নিয়ে চ্যালেঞ্জ রয়েছে। ইয়েমেনে সৌদি-সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে বিভাজন ও সমন্বয়ের ঘাটতি রয়েছে। ফলে এসব বাহিনীকে একসঙ্গে পরিচালনা করে বড় ধরনের অভিযান চালানো রিয়াদের জন্য কঠিন হতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com