নারী পুলিশ সার্জেন্ট সাবিহা আক্তারের ব্যাংক হিসাবে ৪৯ লাখ টাকা স্থানান্তরের তথ্য সামনে এসেছে।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) নারী সার্জেন্ট সাবিহা আক্তারের ব্যক্তিগত ব্যাংক হিসাবে এক দিনেই ৪৯ লাখ টাকা স্থানান্তরের তথ্য পাওয়া গেছে। ২০২২ সালের ৩০ আগস্ট এক্সিম ব্যাংকের মাধ্যমে নিউরন নার্সিং কোচিং সেন্টারের হিসাব থেকে তাঁর ব্যক্তিগত হিসাবে এই অর্থ পাঠানো হয়। কোচিং সেন্টারটির মালিক এনসিপির রাজশাহী জেলা কমিটির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম।
ব্যাংক হিসাবের তথ্য অনুযায়ী, ওই দিন নিউরন নার্সিং কোচিং সেন্টারের হিসাবে নগদ ৫০ লাখ টাকা জমা হয়। এর মধ্যে ১ লাখ টাকা রেখে বাকি ৪৯ লাখ টাকা সাবিহা আক্তারের ব্যক্তিগত ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়। তবে এত বড় অঙ্কের অর্থের প্রকৃত উৎস ও লেনদেনের কারণ সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।
সাইফুল ইসলাম জানান, সাবিহা অন্য এক ব্যক্তির কাছ থেকে টাকা নিয়েছিলেন। ওই ব্যক্তি সরাসরি টাকা নিতে না চাওয়ায় নগদ অর্থ তাঁর কাছে দেওয়া হয়। পরে তিনি নিজের প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ব্যবহার করে সেই টাকা সাবিহার কাছে পাঠান। এ বিষয়ে সাইফুল বলেন, ‘উপকার করতে গিয়ে আমি বিপদে পড়েছি।’ তবে ওই তৃতীয় ব্যক্তির পরিচয় কিংবা অর্থের প্রকৃত উৎস সম্পর্কে তিনি কোনো তথ্য দেননি।
অন্যদিকে, এ বিষয়ে সাবিহা আক্তারও স্পষ্ট ব্যাখ্যা দেননি। গত ৯ নভেম্বর রাজশাহী ট্রাফিক অফিসে আনোয়ার হোসেনের কক্ষে সাংবাদিকদের সামনে তিনি বলেন, ‘আমার অ্যাকাউন্টে ৫০ লাখ না, এক কোটি-দুই কোটি টাকা ঢুকতে পারে।’ সাংবাদিকদের কাছে জবাবদিহি করতে বাধ্য নন বলেও মন্তব্য করেন তিনি।
এর পরদিন রাতে লক্ষ্মীপুরের ঝাউতলা মোড়ে সাইফুল ইসলামের সঙ্গে সাবিহাকে দেখা যায়। সেখানে তাঁদের মুখোমুখি বসে কথা বলতে দেখা গেছে। ওই সময় সাবিহা পুলিশের ইউনিফর্ম পরিহিত ছিলেন।
এ বিষয়ে মহানগরীর সুশীল সমাজের প্রতিনিধি আহমেদ সফিউদ্দিন বলেন, ট্রাফিক বিভাগে দুর্নীতির প্রমাণ প্রায়ই পাওয়া যায়। আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ লেনদেন থাকলে তা তদন্ত করা জরুরি।
আরএমপির মুখপাত্র ও গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ব্যক্তিগত ব্যাংক হিসাবের লেনদেন ব্যক্তিগত বিষয়। ট্রাফিক বিভাগের প্রধান বিষয়টি জানেন কি না, তা তাঁর জানা নেই। অভিযোগ না এলে তাঁরা তদন্ত করেন না বলেও জানান তিনি।
উল্লেখ্য, ২০২২ সালের ৩০ আগস্টের এই লেনদেনের তথ্য সম্প্রতি প্রকাশ্যে এসেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো তদন্ত শুরু করেছে কি না, সে তথ্য পাওয়া যায়নি।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com