গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখা ও কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ জানিয়েছে কর্তৃপক্ষ।
সারাদেশে গত ১০ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ১০ দিনে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখা ও কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনার মধ্যে ৩৩টিতে পেট্রল ঢেলে বা ছিটিয়ে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া পেট্রলবোমা ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে ২৩টি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গ্রামীণ ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিপালন বিভাগের তৈরি এক নোটে এসব তথ্য উঠে এসেছে।
ব্যাংকের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে গোপালগঞ্জে। জেলাটিতে এ ধরনের আটটি ঘটনা ঘটেছে। দ্বিতীয় সর্বোচ্চ ছয়টি ঘটনা ঘটেছে গাজীপুরে।
নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, যেসব দিনে এসব হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, সেসব দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের কর্মসূচি ছিল। গত ১০ নভেম্বর নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ধর্মঘটের পর আওয়ামী লীগও বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে।
গ্রামীণ ব্যাংকের তথ্য অনুযায়ী, ৭২টি ঘটনার মধ্যে ৪৯টিই ঘটেছে গত মঙ্গলবার ও বুধবার। এর মধ্যে মঙ্গলবার দিবাগত রাতে সর্বোচ্চ ৩০টি হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর আগের দিন মঙ্গলবার ঘটে ১৯টি ঘটনা।
এ ছাড়া ১০ নভেম্বর আটটি, ১১ নভেম্বর চারটি, ১৪ নভেম্বর দুটি, ১৫ নভেম্বর ছয়টি, ১৬ নভেম্বর একটি এবং ১৭ নভেম্বর দুটি হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শুধু মাঠপর্যায়ের শাখা কার্যালয় নয়, ব্যাংকের কয়েকটি আঞ্চলিক ও জোনাল কার্যালয়েও হামলা হয়েছে। এর মধ্যে রয়েছে সিলেটের আঞ্চলিক ও জোনাল কার্যালয়, রাজশাহী ও বরিশালের আঞ্চলিক কার্যালয় এবং গাজীপুরের শ্রীপুর আঞ্চলিক কার্যালয়।
নিরীক্ষা প্রতিবেদনে আরও বলা হয়েছে, পেট্রল ঢেলে আগুন দেওয়া এবং পেট্রলবোমা বা ককটেল নিক্ষেপের পাশাপাশি সাতটি ঘটনায় হামলাকারীরা কার্যালয়ে আগুন দেওয়া বা ভেতরে প্রবেশের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। এ ছাড়া তিনটি ঘটনায় লাঠির মাথায় কাপড় পেঁচিয়ে আগুন দেওয়া হয়েছে। দুটি ঘটনায় কেরোসিন ব্যবহার, একটি ঘটনায় পেট্রল ঢেলে টায়ারে আগুন এবং একটি ঘটনায় পাথর নিক্ষেপের তথ্য পাওয়া গেছে।
এসব ঘটনায় গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে সাতটি ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। একটি ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ৪৮টি ঘটনায় থানায় কোনো জিডি বা অভিযোগ করা হয়নি। এর মধ্যে ১২টি ঘটনায় জিডি করার প্রক্রিয়া চলছে।
ধারাবাহিক হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে গ্রামীণ ব্যাংক। ব্যাংক কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব হামলা শুধু একটি আর্থিক প্রতিষ্ঠানের অবকাঠামো ও সম্পদের ওপর আঘাত নয়; এর ফলে দরিদ্র মানুষের আর্থিক নিরাপত্তা, জীবন-জীবিকা এবং দীর্ঘদিনের আস্থা ও অর্জনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। দরিদ্র মানুষের ব্যাংকে কার স্বার্থে আগুন দেওয়া হচ্ছে, বিজ্ঞপ্তিতে সেই প্রশ্নও তোলা হয়েছে।
গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, এসব ঘটনার সুষ্ঠু তদন্ত হবে এবং দায়ীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সারাদেশে ব্যাংকের শাখা, কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গ্রামীণ ব্যাংক কোনো ব্যক্তি, পরিবার বা গোষ্ঠীর ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান নয়। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ব্যাংকের মালিকানা ও কার্যক্রম নিয়ে বিভ্রান্তিকর ও ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। এ বিষয়ে সাংবাদিক ও গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে সচেতন থাকার পাশাপাশি যাচাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস বা প্রচার না করার আহ্বান জানানো হয়েছে।
সঠিক তথ্যের জন্য নিকটস্থ গ্রামীণ ব্যাংকের শাখা অথবা অনুমোদিত প্রতিনিধির সঙ্গে যোগাযোগের পরামর্শও দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com