এআই সম্পর্কে জ্ঞান অর্জন ও প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকলে মুসলিম সমাজ পিছিয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তাঁর মতে, নতুন প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে ব্যর্থ হলে মুসলিমরা বাইরের শক্তির প্রভাবের কাছে দুর্বল হয়ে পড়ার ঝুঁকিতে থাকবে।
কেরালায় আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে শেখ আবুবকর ফাউন্ডেশনের প্রথম ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ দেওয়া হয়।
আনোয়ার ইব্রাহিম বলেন, বর্তমান সময়ের নতুন বাস্তবতা ও চ্যালেঞ্জ সম্পর্কে মুসলিম আলেমদের ধারণা থাকা প্রয়োজন। এর মধ্যে আধুনিক প্রযুক্তি, নতুন বিজ্ঞান, ডিজিটাল রূপান্তর এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো বিষয়ও রয়েছে।
তিনি বলেন, প্রযুক্তিগত উন্নয়নের সঙ্গে জ্ঞান ও দক্ষতা অর্জন জরুরি। একই সঙ্গে প্রযুক্তির অগ্রগতির কারণে যেন ধর্মীয় বিশ্বাস ও নৈতিক মূল্যবোধ ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও নজর রাখতে হবে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও সতর্ক করেন, নতুন প্রযুক্তির মাধ্যমে এমন কিছু মূল্যবোধ মুসলিম সমাজে প্রবেশ করতে পারে, যা ধর্মীয় বিশ্বাস ও নৈতিকতাকে দুর্বল করে দিতে পারে। এআইসহ আধুনিক প্রযুক্তি কীভাবে তৈরি ও পরিচালিত হচ্ছে, সে বিষয়ে মুসলিম সমাজের নিজেদের ভূমিকা থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
আনোয়ার বলেন, প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিরা কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাব্য ঝুঁকি নিয়ে আলোচনা করলেও মুসলিম আলেম ও সমাজগুলো এআইয়ের চ্যালেঞ্জের দিকে এখনও যথেষ্ট মনোযোগ দিচ্ছে না।
তিনি মুসলিম সমাজকে প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে এআই নিয়ে আরও কাজ করার আহ্বান জানান। তবে এই অগ্রগতি যেন জ্ঞান, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে পরিচালিত হয়, সে বিষয়েও গুরুত্ব দেন তিনি।
এর আগে নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার পর রোববার কেরালা সফরে যান আনোয়ার ইব্রাহিম। সেখানে ভারতের গ্র্যান্ড মুফতি ও বিশিষ্ট সুন্নি আলেম কান্থাপুরম এপি আবুবকর মুসলিয়ার তাঁর হাতে ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ তুলে দেন।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com