ঢাকা, ০৭ অক্টোবর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৯:৩২ এএম, ০৬ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

নতুন ১০টি এয়ারবাস কিনছে সরকার, বুধবার চুক্তি

প্রকাশিত : ০৯:৩২ এএম, ০৬ অক্টোবর ২০২৬

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য এয়ারবাসের কাছ থেকে ১০টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি হবে।

নিউজ ডেস্ক :

রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা এয়ারবাসের কাছ থেকে ১০টি নতুন উড়োজাহাজ কিনতে বুধবার (৭ অক্টোবর) চুক্তি করতে যাচ্ছে সরকার।

চুক্তির আওতায় চারটি এ৩৫০-৯০০ এবং ছয়টি এ৩২১নিও উড়োজাহাজ কেনার কথা রয়েছে। রাজধানীর একটি হোটেলে ‘স্প্রেডিং আওয়ার উইংস টুগেদার’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে চুক্তি সই হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

তবে ১০টি উড়োজাহাজ কিনতে মোট কত অর্থ ব্যয় হবে, তা এখনো প্রকাশ করা হয়নি।

প্রস্তাবিত উড়োজাহাজগুলোর মধ্যে চারটি এ৩৫০-৯০০ প্রশস্ত কাঠামোর। এগুলো দূরপাল্লার আন্তর্জাতিক রুটে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। অন্যদিকে ছয়টি এ৩২১নিও সরু কাঠামোর উড়োজাহাজ আঞ্চলিক ও মাঝারি দূরত্বের রুটে পরিচালনা করা হবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, এয়ারবাসের উড়োজাহাজ সরবরাহ শুরু হতে পারে ২০৩৩ সালে। পর্যায়ক্রমে ২০৩৬ বা ২০৩৭ সালের মধ্যে সব উড়োজাহাজ বিমানের বহরে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এয়ারবাসের সঙ্গে চুক্তির আগে চলতি বছর মার্কিন নির্মাতা বোয়িংয়ের সঙ্গে দুটি ধাপে মোট ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

গত ৩০ এপ্রিল প্রথম ধাপে প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়। এর মধ্যে ছিল আটটি ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ এবং চারটি ৭৩৭-৮।

এরপর গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করা হয়। এর মধ্যে পাঁচটি ৭৮৭-১০ এবং ছয়টি ৭৩৭-৮ ম্যাক্স রয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বোয়িংয়ের উড়োজাহাজ সরবরাহ ২০৩১ সাল থেকে শুরু হতে পারে। চুক্তির সব উড়োজাহাজ পেতে ১১ থেকে ১২ বছর সময় লাগতে পারে। চুক্তি সইয়ের পরপরই পুরো অর্থ পরিশোধ করতে হবে না; প্রতিটি উড়োজাহাজ সরবরাহের সময় মূল্য পরিশোধের কথা রয়েছে।

বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে ১৯টি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে ১৪টি বোয়িং এবং পাঁচটি ড্যাশ-৮। বহরের দুটি উড়োজাহাজ প্রায় অচল হওয়ার অবস্থায় রয়েছে এবং আগামী কয়েক বছরের মধ্যে বাকি উড়োজাহাজগুলোরও কয়েকটি বহর থেকে বাদ পড়তে পারে।

এ কারণে তাৎক্ষণিক চাহিদা পূরণে আরও ১০টি উড়োজাহাজ লিজ নেওয়ার উদ্যোগও রয়েছে বিমানের।

এয়ারবাসের ১০টি এবং বোয়িংয়ের চুক্তিবদ্ধ ২৫টি উড়োজাহাজ বহরে যুক্ত হলে নতুন উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ৩৫। বর্তমানে থাকা ১৯টি উড়োজাহাজ মিলিয়ে তখন বিমানের বহরে মোট উড়োজাহাজের সংখ্যা ৫০ ছাড়াতে পারে।

নতুন ৩৫টি উড়োজাহাজের মধ্যে ১৯টি প্রশস্ত কাঠামোর এবং ১৬টি সরু কাঠামোর উড়োজাহাজ হবে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com