দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভে বিরোধী জোটের সাংসদেরা।
‘ভোট চুরি’র অভিযোগ তুলে ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে দিল্লিতে বিক্ষোভ করেছেন বিরোধী জোট ‘ইন্ডিয়া’র প্রায় ৩০০ সাংসদ। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে সংসদের মকরদ্বার থেকে নির্বাচন সদনের দিকে মিছিল নিয়ে গেলে নীতি আয়োগের কার্যালয়ের কাছে পুলিশ তাদের আটকে দেয়।
সকাল ১১টার দিকে মিছিল শুরু হয়। একপর্যায়ে পুলিশের ব্যারিকেডের ওপর উঠে প্রতিবাদ জানান লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। পরে নির্বাচন সদনের কাছাকাছি আকাশবাণী কার্যালয় চত্বরে অবস্থান নেন বিরোধী সাংসদেরা।
বিক্ষোভে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে, তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, ডেরেক ও’ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব ও এনসিপির সুপ্রিয়া সুলেসহ বিভিন্ন দলের নেতারা অংশ নেন।
নীতি আয়োগের কার্যালয়ের সামনে পুলিশ মিছিল আটকে দিলে সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন বিরোধী সাংসদেরা। এ সময় প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজনকে পুলিশ আটক করে। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।
রাহুল গান্ধী পরে আকাশবাণী কার্যালয় চত্বর দিয়ে নির্বাচন সদনের দিকে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ সেখানেও তাকে আটকে দেয়। পরে সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
রাহুল গান্ধী বলেন, দেশের গণতন্ত্র রক্ষার জন্য তারা বিক্ষোভে অংশ নিয়েছেন। তার সঙ্গে প্রায় ৩০০ সাংসদ রয়েছেন বলেও জানান তিনি।
নরেন্দ্র মোদি, অমিত শাহ, আরএসএসের প্রধান মোহন ভাগবত ও প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে প্রসঙ্গে এনে রাহুল অভিযোগ করেন, তারা দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছেন। তার দাবি, ‘ভোট চুরি’র মাধ্যমে দেশকে ‘হাইজ্যাক’ করা হয়েছে এবং নির্বাচন কমিশনের প্রধান এতে সহায়তা করেছেন।
নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে না দেওয়ার অভিযোগও করেন রাহুল। তার ভাষ্য, প্রায় ৩০০ জন নির্বাচিত জনপ্রতিনিধি প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। কিন্তু পুলিশ তাদের নির্বাচন সদনে যেতে বাধা দিয়েছে।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে বলেন, তাদের আন্দোলন অবিচারের বিরুদ্ধে। স্বাধীনতার পর প্রতিষ্ঠিত সর্বজনীন ভোটাধিকার খর্ব করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার সরকারের প্রভাবাধীন হয়ে কাজ করছেন বলেও মন্তব্য করেন খড়্গে।
তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে বিপুলসংখ্যক মানুষকে বাদ দেওয়ার অভিযোগ করেন। এ বিষয়ে ট্রাইব্যুনালে বহু আবেদন এখনো নিষ্পত্তি হয়নি বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান অভিষেক।
সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, বিভিন্ন নির্বাচনকে কেন্দ্র করে অতীতেও কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক কার্যক্রম নিয়েও তিনি সমালোচনা করেন।
বিরোধী জোটের নেতাদের অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com