খুলনা বিভাগে ১০ মাসে ২৮৮ খুন, যশোর শীর্ষে; চতুর্থ খুলনা
চলতি বছরের প্রথম ১০ মাসে খুলনা বিভাগের ১০ জেলায় ২৮৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৬১টি খুন হয়েছে যশোরে। ৪০টি খুন নিয়ে দ্বিতীয় অবস্থানে বাগেরহাট। আর ৩৬টি খুন নিয়ে খুলনা জেলা রয়েছে চতুর্থ স্থানে। তবে খুনের সংখ্যায় শীর্ষে না থাকলেও চাঁদাবাজি ও হত্যাকাণ্ডের বিভিন্ন ঘটনায় খুলনা জেলা নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে।
শনিবার (১৪ নভেম্বর) খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে দেওয়া পরিসংখ্যানে এসব তথ্য উঠে এসেছে।
পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত কুষ্টিয়ায় ৩৯টি, ঝিনাইদহে ২৯টি, নড়াইলে ২২টি, সাতক্ষীরায় ২১টি, চুয়াডাঙ্গায় ১৭টি, মাগুরায় ১৫টি এবং মেহেরপুরে আটটি হত্যাকাণ্ড ঘটেছে।
তবে এই হিসাবের বাইরে রয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) আটটি থানার অধীন এলাকায় একই সময়ে ঘটে যাওয়া আরও ৩৬টি খুন। খুলনা জেলা পুলিশের ভাষ্য, কেএমপি রেঞ্জ পুলিশের আওতাভুক্ত নয়। ফলে বিভাগীয় রেঞ্জ পুলিশের দেওয়া পরিসংখ্যানে এসব ঘটনা অন্তর্ভুক্ত হয়নি।
একই ১০ মাসে খুলনা বিভাগে ৯৭৮ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে ২১৫ জন শিশু। এ ছাড়া ৩০২ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছেন, যাঁদের মধ্যে ৯৩ জন শিশু। এসব ঘটনায় মামলা হয়েছে এবং অনেককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ সময়ে পুলিশ ১২৫টি আগ্নেয়াস্ত্র ও ২২৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ২৭টি বিদেশি পিস্তল, পাঁচটি দেশি পিস্তল, পাঁচটি দেশি রিভলবার, চারটি বিদেশি রিভলবার, ৪৩টি ওয়ানশুটার গান, ১৪টি পাইপগান, পাঁচটি এয়ারগান, একটি ডাবল ব্যারেল বন্দুক, ২০টি বন্দুক ও একটি অন্যান্য অস্ত্র।
খুলনায় চাঁদাবাজি, বাগেরহাটে ছিনতাইয়ের অভিযোগ
পুলিশের ভাষ্য, বাগেরহাটে টাকা নিয়ে বাইরে বের হলে অনেকেই ছিনতাইকারীর কবলে পড়ছেন। গত দুই মাসে জেলায় কয়েকটি আলোচিত ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অন্যদিকে খুলনায় চাঁদাবাজির ভয়ে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া এবং এলাকা ছেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর এখন পর্যন্ত ১১ জন চিকিৎসক চাঁদাবাজদের ভয়ে দেশ ছেড়েছেন। তাঁদের কাছে এক থেকে দুই কোটি টাকা পর্যন্ত চাঁদা দাবি করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
খুলনার বিভিন্ন থানার সীমানা এলাকায় গুলি করে হত্যার ঘটনাও ঘটছে। এক থানা এলাকায় হত্যাকাণ্ড ঘটিয়ে সীমানা পেরিয়ে অন্য থানা এলাকায় চলে যাওয়ার সুযোগ নিচ্ছে অপরাধীরা বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে বাগেরহাটের বিভিন্ন থানার সীমান্তবর্তী নির্জন এলাকায় নারী ও পুরুষের বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনাও ঘটছে। সর্বশেষ ১৩ নভেম্বর রামপালে এক তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়।
পুলিশের বক্তব্য
খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া ফোকালপারসন আসিফ ইকবাল বাংলা ট্রিবিউনকে বলেন, বিভাগে খুনের তালিকায় শীর্ষে যশোর থাকলেও খুলনা নিয়ে আলোচনা-সমালোচনা বেশি হচ্ছে।
তিনি জানান, রেঞ্জ পুলিশের নিয়মিত সভায় তদন্ত কর্মকর্তাদের মামলার শতভাগ মান বজায় রেখে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হচ্ছে। তাঁর মতে, তদন্ত প্রতিবেদন মানসম্মত হলে আসামিদের আদালত থেকে দ্রুত জামিন পাওয়ার সুযোগ কমবে। তবে কিছু ক্ষেত্রে আসামিরা দ্রুত জামিন পেয়ে আবার অপরাধে জড়িয়ে পড়ছে বলে তিনি উল্লেখ করেন।
সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান আসিফ ইকবাল।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com