কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে যোগ দিয়েছেন রাফিয়াত রশিদ মিথিলা।
অভিনয় ও উন্নয়নকর্মের পাশাপাশি পেশাগত জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন রাফিয়াত রশিদ মিথিলা। দীর্ঘ দুই দশক ব্র্যাকের সঙ্গে কাজ করার পর এবার যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে যোগ দিয়েছেন তিনি।
নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে নতুন এই পেশাগত যাত্রার খবর জানিয়েছেন মিথিলা।
কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’-এ ‘অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট’ হিসেবে কাজ করছেন তিনি। সেখানে নিউইয়র্কভিত্তিক ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’ প্রকল্পের নকশা ও মূল্যায়নে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে তার।
মিথিলা জানান, প্রকল্পটির মূল লক্ষ্য প্রারম্ভিক শৈশব বিকাশ, পারিবারিক সম্পৃক্ততা এবং কমিউনিটি স্বাস্থ্য নিয়ে কাজ করা। জন্ম থেকে পাঁচ বছর বয়সী শিশুদের পরিবারকে তাদের সন্তানদের সুস্থ বিকাশের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও সহায়ক পরিবেশের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয় মানুষের প্রয়োজনের সঙ্গে গবেষণার লক্ষ্যকে সমন্বয় করে তথ্য ও প্রমাণভিত্তিক কার্যক্রম আরও কার্যকর করতে নিজের দীর্ঘদিনের বৈশ্বিক উন্নয়ন অভিজ্ঞতা কাজে লাগাতে চান মিথিলা।
গবেষণার পাশাপাশি শিক্ষকতাতেও যুক্ত হয়েছেন তিনি। সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে ‘অ্যাডজাংক্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ হিসেবে দায়িত্ব নিয়েছেন মিথিলা। সেখানে তিনি ‘ননপ্রফিট ম্যানেজমেন্ট’ বিষয়ে পড়াচ্ছেন এবং শিক্ষার্থীদের বাস্তব বিশ্বের অলাভজনক সংস্থাগুলোর কার্যক্রম সম্পর্কে ধারণা দিচ্ছেন।
নিজের দীর্ঘদিনের কর্মস্থল ব্র্যাকের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন মিথিলা। তিনি জানান, পেশাগত জীবনের এই পর্যায়ে পৌঁছানোর পেছনে ব্র্যাকের সঙ্গে কাটানো দুই দশকের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে প্রায় ১৫ বছর ব্র্যাক ইন্টারন্যাশনালের হয়ে আন্তর্জাতিক উন্নয়ন খাতে কাজ করেছেন তিনি।
কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিবেশ এবং অভিজ্ঞ গবেষকদের সঙ্গে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মিথিলা। নতুন এই যাত্রায় সবার দোয়া ও শুভকামনা চেয়েছেন তিনি। আপাতত ক্যামেরার আলো থেকে কিছুটা দূরে থেকে নিজের বৈশ্বিক অভিজ্ঞতাকে গবেষণা ও উন্নয়নকাজে কাজে লাগাতে চান এই অভিনেত্রী।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com