ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০৫:২১ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

সৌদি আরবে ১ হাজার ৩০০ বছরের পুরোনো মসজিদের সন্ধান

প্রকাশিত : ০৫:২১ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২৬

সৌদি আরবের আল-বাহা অঞ্চলে প্রত্নতাত্ত্বিক খননে সন্ধান পাওয়া ১ হাজার ৩০০ বছরেরও বেশি পুরোনো মসজিদ।

আন্তর্জাতিক ডেস্ক :

সৌদি আরবে প্রত্নতাত্ত্বিক খননকাজে ইসলামের প্রাথমিক যুগের ১ হাজার ৩০০ বছরেরও বেশি পুরোনো একটি মসজিদের সন্ধান পাওয়া গেছে। দেশটির আল-বাহা অঞ্চলের আল-আকিক গভর্নরেটের আল-মামালাহ প্রত্নস্থলে খননের চতুর্থ মৌসুমে মসজিদটির সন্ধান মেলে।

সৌদি হেরিটেজ কমিশনের তথ্য অনুযায়ী, মসজিদটির কিবলা দেয়ালে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি বরকত কামনা করে একটি দোয়া খোদাই করা রয়েছে। এ ছাড়া মসজিদের ভেতর ও বাইরের দেয়ালে বেশ কয়েকটি ইসলামী শিলালিপি এবং কোরআনের আয়াতও পাওয়া গেছে।

প্রত্নতাত্ত্বিকদের মতে, মসজিদটি কাটা ও ঘষামাজা করা গ্রানাইট পাথর দিয়ে নির্মিত। এর দক্ষিণ-পূর্ব অংশে একটি বর্গাকার মিনার ও একটি মিহরাব রয়েছে। পাশাপাশি ভেতরের দেয়ালে জিপসামের প্রলেপ দেওয়ার চিহ্নও শনাক্ত করা হয়েছে।

মসজিদের মূল কাঠামোর সঙ্গে আটটি সেবাকক্ষ যুক্ত রয়েছে। ভবনটিতে পূর্ব, পশ্চিম ও দক্ষিণ দিকে তিনটি প্রবেশপথ রয়েছে। এসব স্থাপত্য বৈশিষ্ট্য ইসলামের প্রাথমিক যুগের মসজিদ নির্মাণ ও স্থাপত্যরীতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রত্নতাত্ত্বিক দলের এক সদস্য জানান, মসজিদটির অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো দেয়ালে থাকা ইসলামী শিলালিপি। মসজিদের অভ্যন্তর ও বাইরের দেয়াল—উভয় স্থানেই এসব শিলালিপি পাওয়া গেছে।

কিবলা দেয়ালে খোদাই করা দোয়াটিতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি বরকত প্রার্থনা করা হয়েছে। সেখানে আবদুল্লাহর পুত্র মুহাম্মদ (সা.)-এর ওপর নেককার ও মনোনীত ব্যক্তিদের পক্ষ থেকে বরকত বর্ষণের আবেদন জানানো হয়েছে। দোয়াটির শেষে ‘আমিন’ এবং সমগ্র সৃষ্টির প্রতিপালক সত্য উপাস্যের প্রতি আহ্বান রয়েছে।

এর আগে গত জুনে সৌদি আরবের মদিনা অঞ্চলের আল-মাহদ গভর্নরেটে প্রত্নতাত্ত্বিকেরা ১ হাজার ৭৭৪টি প্রত্ননিদর্শন নথিভুক্ত করেন। এসব নিদর্শনের মধ্যে ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ইবনুল খাত্তাব (রা.)-এর নামসংবলিত একটি বিরল পাথরের শিলালিপিও ছিল।

পাথরে খোদাই করা ওই শিলালিপিতে হজরত ওমর ইবনুল খাত্তাব (রা.)-এর প্রতি আল্লাহর অভিভাবকত্বের কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই—এমন বক্তব্যও এতে খোদাই করা রয়েছে।

সূত্র: খালিজ টাইমস

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com