অফ-সিজনে মাউন্ট ফুজিতে আরোহণে ঝুঁকি কমাতে নতুন নিয়ম চালুর পরিকল্পনা জাপানের ইয়ামানাশি প্রদেশের।
জাপানের বিখ্যাত মাউন্ট ফুজিতে নির্ধারিত মৌসুমের বাইরে পাহাড়ে উঠে বিপদে পড়লে এবার উদ্ধার অভিযানের খরচ নিজেদেরই বহন করতে হতে পারে। আগামী বছর থেকে ফুজির উত্তরাঞ্চলের দায়িত্বে থাকা ইয়ামানাশি প্রদেশ এ সংক্রান্ত নতুন নিয়ম চালুর পরিকল্পনা করছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো ধরনের প্রস্তুতি ছাড়া ঝুঁকিপূর্ণভাবে অফ-সিজনে পাহাড়ে ওঠা নিরুৎসাহিত করতেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নতুন নিয়ম কার্যকর হলে সেপ্টেম্বর থেকে জুলাই পর্যন্ত অফ-সিজনে ফুজিতে উঠে কেউ পথ হারালে বা আটকা পড়লে হেলিকপ্টারে উদ্ধার করার খরচ তার কাছ থেকেই নেওয়া হবে। এ ক্ষেত্রে পার্শ্ববর্তী সাইতামা প্রদেশের একটি নিয়মকে সম্ভাব্য মানদণ্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে। সেখানে পাহাড়ি এলাকায় উদ্ধার অভিযানের জন্য প্রতি পাঁচ মিনিটে ৮ হাজার ইয়েন ফি নেওয়া হয়।
এ ছাড়া অফ-সিজনে মাউন্ট ফুজিতে আরোহণ করতে চাইলে আগেই কর্তৃপক্ষের কাছে বিস্তারিত আরোহণ পরিকল্পনা জমা দিতে হবে।
ইয়ামানাশির গভর্নর কোতারো নাগাসাকি সবাইকে অফ-সিজনে ফুজিতে ওঠা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তার মতে, শীতকালে পাহাড়ে ওঠার মতো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সম্ভাব্য উদ্ধার খরচের বিষয়টি মানুষকে আরও সতর্ক করবে।
সাম্প্রতিক সময়ে কোনো পূর্বপরিকল্পনা ছাড়াই অফ-সিজনে ফুজিতে উঠে মাঝপথে আটকে পড়ার ঘটনা দেখা গেছে। এ পরিস্থিতি মোকাবিলায় ফুজির দক্ষিণাঞ্চলের দায়িত্বে থাকা শিজুওকা প্রদেশও কঠোর ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ে নিবন্ধন ছাড়া পাহাড়ে উঠলে জরিমানা করা হবে এবং সংরক্ষিত এলাকায় প্রবেশ ঠেকাতে নজরদারি জোরদার করা হবে। তবে হেলিকপ্টারে উদ্ধারের জন্য আলাদা ফি নেওয়ার পরিকল্পনা এখনো জানায়নি তারা।
সাধারণত জুলাই থেকে সেপ্টেম্বরের শুরু পর্যন্ত মাউন্ট ফুজিতে আরোহণের আনুষ্ঠানিক মৌসুম হিসেবে বিবেচিত হয়। এ সময়ে প্রতিবছর প্রায় দুই লাখ মানুষ পর্বতটির চূড়ায় ওঠার চেষ্টা করেন।
অফ-সিজনে ফুজিতে আরোহণকে কর্তৃপক্ষ কঠোরভাবে নিরুৎসাহিত করে। কারণ, এ সময় পাহাড়ের অধিকাংশ কুটির ও শৌচাগার বন্ধ থাকে। একই সঙ্গে আবহাওয়া ও পাহাড়ি পথের পরিস্থিতিও অত্যন্ত প্রতিকূল হয়ে ওঠে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com