ঢাকা, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০৪:০১ এএম, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

গোলানের বদলে ইসরায়েলকে নিউ জার্সি দিতে ট্রাম্পকে শারার কৌতুক

প্রকাশিত : ০৪:০১ এএম, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।

আন্তর্জাতিক ডেস্ক :

সিরিয়ার গোলান মালভূমির পরিবর্তে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্য দিয়ে দেওয়ার প্রস্তাব করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রসিকতা করেছিলেন বলে জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আটলান্টিক কাউন্সিলের এক আলোচনা অনুষ্ঠানে ট্রাম্পের সঙ্গে ওই কথোপকথনের স্মৃতিচারণ করেন তিনি।

আল-শারা বলেন, ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের সময় মার্কিন প্রেসিডেন্ট গোলান মালভূমির ওপর ইসরায়েলের সার্বভৌমত্বের স্বীকৃতির বিষয়টি তুলেছিলেন। তখন তিনি রসিকতা করে ট্রাম্পকে বলেন, ইসরায়েলকে যদি কোনো ভূখণ্ড দিতে চান, তাহলে গোলানের পরিবর্তে নিউ জার্সি দেওয়া যেতে পারে।

তার ভাষ্য, ‘আপনি গোলানের মালিক নন যে সেটি কাউকে দিয়ে দেবেন। তবে নিউ জার্সির মালিক আপনি।’ রসিকতার অংশ হিসেবে তিনি আরও বলেন, নিউ জার্সিতে ডেমোক্র্যাটদের আধিক্য এবং তারা ট্রাম্পকে ভোট দেয় না—তাই অঙ্গরাজ্যটি ইসরায়েলকে দিয়ে দেওয়া যেতে পারে।

আল-শারা একই সঙ্গে স্পষ্ট করেন, গোলান মালভূমি কোনো প্রেসিডেন্টের ব্যক্তিগত সম্পত্তি নয়। তার মতে, সিরিয়ার ভূখণ্ড অন্য কোনো দেশের হাতে তুলে দেওয়ার অধিকার কোনো প্রেসিডেন্টের নেই।

আলোচনায় ট্রাম্পের প্রশংসাও করেন সিরিয়ার প্রেসিডেন্ট। তিনি বলেন, ট্রাম্প সিরিয়ার পাশে দাঁড়িয়েছেন এবং দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্পের সঙ্গে তার ‘বিশেষ সম্পর্ক’ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল গোলান মালভূমির বড় একটি অংশ দখল করে নেয়। ১৯৮১ সালে অঞ্চলটিতে নিজেদের আইন ও প্রশাসন প্রয়োগের ঘোষণা দেয় ইসরায়েল। তবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৪৯৭ নম্বর প্রস্তাবে ওই পদক্ষেপকে ‘অবৈধ ও বাতিল’ বলে উল্লেখ করা হয় এবং জাতিসংঘ এখনো গোলানকে অধিকৃত সিরীয় ভূখণ্ড হিসেবে বিবেচনা করে।

২০১৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোলান মালভূমির ওপর ইসরায়েলের সার্বভৌমত্বকে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন। এ অবস্থান জাতিসংঘের অবস্থান থেকে ভিন্ন।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com