গাজীপুরের ভবানীপুরে ট্রাকচাপায় দুজন নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত
গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর এলাকায় ট্রাকচাপায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক পথচারী ও ট্রাকে থাকা এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। দুর্ঘটনায় মাছবাহী ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
নিহত লোকমান হোসেন গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার সোনা মিয়া হাজির ছেলে। নিহত অপর ব্যক্তি দিরু পেশায় মাছ ব্যবসায়ী। তার বাড়ি নেত্রকোনায়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, লোকমান হোসেনের মেয়ের বিয়ে আগামী শুক্রবার। বিয়েকে সামনে রেখে মঙ্গলবার বরপক্ষের লোকজনও তার বাড়িতে আসার কথা ছিল। এ জন্য মেয়ের বিয়ের বাজার করতে ভোরে বাড়ি থেকে বের হন তিনি।
পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহগামী লেনে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এরপর ট্রাকটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়।
এ সময় ট্রাকে থাকা মাছ ব্যবসায়ী দিরুও গুরুতর আহত হন। দুর্ঘটনার পর মাছবাহী ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। চালকের পাশের আসনে থাকা দিরু গাড়ির ভেতরে আটকা পড়েন।
পরে আহত লোকমান ও দিরুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক লোকমান হোসেনকে মৃত ঘোষণা করেন। কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় দিরুও মারা যান।
দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে। ঘটনার পর চালক পালিয়ে যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
লোকমান হোসেনের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পরিবারের সদস্যরা জানান, মেয়ের বিয়েকে ঘিরে কয়েক দিন ধরে তাদের বাড়িতে প্রস্তুতি চলছিল। বিয়ের বাজার নিয়ে যে বাবার আনন্দের সঙ্গে বাড়ি ফেরার কথা ছিল, দুর্ঘটনায় সেই বাবার নিথর দেহ ফিরেছে ঘরে। এতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com