ঢাকা, ০৭ অক্টোবর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০২:২১ এএম, ০৬ অক্টোবর ২০২৬
Digital Solutions Ltd

অরাজনৈতিক সংগঠনগুলোকে গুপ্ত রাজনীতিমুক্ত করতে হবে: ছাত্রদল সভাপতি

প্রকাশিত : ০২:২১ এএম, ০৬ অক্টোবর ২০২৬

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

নিউজ ডেস্ক :

শিক্ষাপ্রতিষ্ঠানের সাংবাদিক সমিতি, ডিবেটিং সোসাইটিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সহশিক্ষামূলক সংগঠনকে গোপন রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি অরাজনৈতিক সংগঠনগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার আহ্বান জানিয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

পোস্টে রাকিবুল ইসলাম রাকিব দাবি করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সংগঠনটি সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তবে ওই ঘটনার নেপথ্যে জড়িত থাকার অভিযোগ ওঠা শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা নেয়, তা দেখার অপেক্ষায় আছেন বলে জানান ছাত্রদল সভাপতি।

রাকিবের অভিযোগ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাংবাদিক সমিতি, ডিবেটিং সোসাইটিসহ অনেক সংগঠনে প্রকাশ্য রাজনৈতিক দলের পদধারীদের সদস্য হওয়ার বিষয়ে বিধিনিষেধ রয়েছে। এই সুযোগে কিছু রাজনৈতিক কর্মী নিজেদের পরিচয় গোপন করে এসব সংগঠনকে রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য ব্যবহার করছেন বলে দাবি করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, এসব সংগঠনের কমিটি গঠন, আর্থিক পৃষ্ঠপোষকতা ও লেনদেনের ক্ষেত্রে অনেক সময় স্বচ্ছতা থাকে না। অতীতে শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক বিভিন্ন সংগঠনের শীর্ষ পদে থাকা ব্যক্তিরা পরবর্তী সময়ে কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়েছেন, তা বিশ্লেষণ করলেই তার বক্তব্যের সত্যতা পাওয়া যাবে বলে মন্তব্য করেন তিনি।

ছাত্রদল সভাপতি বলেন, সহশিক্ষামূলক সংগঠনগুলোকে কোনো রাজনৈতিক দলের গোপন কার্যক্রমের কেন্দ্র হিসেবে ব্যবহার করতে দেওয়া উচিত নয়। একই সঙ্গে এসব সংগঠনে সাধারণ শিক্ষার্থী এবং প্রকাশ্য রাজনীতিতে যুক্ত শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার দাবি জানান তিনি।

রাকিবুল ইসলাম রাকিব আরও বলেন, ক্যাম্পাসভিত্তিক অরাজনৈতিক সংগঠনের আড়ালে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে কি না, সে বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক থাকতে হবে। তিনি দাবি করেন, এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রশাসনিক ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

পোস্টের শেষাংশে তিনি বলেন, নিরপেক্ষতার আড়ালে কোনো সংগঠন যদি নির্দিষ্ট রাজনৈতিক দলের গোপন ইউনিট হিসেবে কাজ করে, মব সংস্কৃতি বা গালিগালাজকে প্রশ্রয় দেয়, সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে এসব কর্মকাণ্ড গোপন থাকবে না। আইন ও সাংগঠনিক বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com